স্বাস্থ্যসেবায় জবাবদিহিতার সফটওয়্যার তৈরি করেছে আইসিটি বিভাগ
দেশে স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা খাতকে স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় আনতে একটি হেলথ গভঃ রিসোর্স প্লানিং (জিআরপি) সফটওয়্যার তৈরি করেছে আইসিটি বিভাগ। এই সফটওয়্যারটি স্বাস্থ্য সেবার গতিকে বাড়ানো সম্ভব হবে। হাসপাতাল গুলোতে এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহারে ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে দেশের স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তর নিয়ে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ড. তাসবিরুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন আরিফ রায়হান মাহি, ড. মোহাম্মাদ সাইফুর রহমান এবং ড. এ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যত বেশি প্রযুক্তির ব্যবহার হবে তত বেশি স্বচ্ছতা আসবে। খরচ কমবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে।
দেশের স্বাস্থ্য খাতকে ডিজিটাল হেলথ ল্যাব গঠন করছে জানিয়ে প্রতিমন্ত্রী এই ল্যাবের উন্নয়নে প্রবাসী চিকিৎসকদের এগিয়ে আশার আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, স্বাস্থ্য তথ্যের মান নিশ্চিত করতে আমরা ‘ন্যাশনাল হেলথ ডেটা ব্যাংক’ তৈরি করা হবে। এছাড়াও স্বাস্থ্য তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বাস্তবায়নে তথ্যসুরক্ষা আইনের অধীনে এনে ক্লাসিফায়েড, কনফিডেন্সিয়াল ও পাবলিক শ্রেণী বিন্যাস করে এর স্থানীয় করণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো জানান, মা টেলিহেলথ এর পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। সিলেট মেডিকল কলেজে রোগীদের ডিজিটাল হেলথ রেজিস্টার, রোগীর তথ্য নিবন্ধন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই ২,৫০০টির মধ্যে ৩০টি হেলথ স্টার্টআপ দারুণ কাজ করছে।